২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিবি সেজে ছিনতাই’: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার

সৌদি আরব প্রবাসীর কাছ থেকে ১৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা তপু ও তার তিন সহযোগী৷

‘ডিবি সেজে ছিনতাই’: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2023, 11:16 AM

Updated : 17 May 2023, 08:09 PM

ডিবি পুলিশ পরিচয়ে সৌদি আরব প্রবাসীর টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি৷ 

মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়৷ 

সংগঠনের প্যাডে স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি মঙ্গলবার রাতে সংগঠনের অফিসিয়াল ফেইসবুক পেজে প্রকাশ করা হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।” 

ডিবি পুলিশ পরিচয়ে সৌদি আরব প্রবাসী উজ্জ্বল হোসেনের কাছ থেকে ১৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা তপু চন্দ্র ঘোষ ও তার তিন সহযোগী৷ 

তপু সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামের সাধন চন্দ্র ঘোষের ছেলে৷  ২০১৯ সালের জুলাইতে জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হলে ওই কমিটিতে ছাত্রলীগের সহসভাপতির পদ পান তপু৷

পুলিশ জানায়, তপু তার সহযোগীদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে গত ৪ এপ্রিল এক সৌদি আরব প্রবাসীর ১৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাই করেছেন৷ গ্রেপ্তার হবার পরদিন রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসামিরা৷ 

মামলাটির তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম বলেন, “এর আগেও তারা এই কাজ করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন৷ নেতৃত্ব দেবার কারণে টাকা ভাগাভাগির সময় তপু বেশি ভাগ নিতেন বলে অপর আসামিরা জানিয়েছেন৷” 

আরও পড়ুন 

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ‘প্রবাসীর টাকা লুট’, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার