২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ তুরাগ নদে

দুদিন আগে ইউনিভার্সিটিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মোয়াজ্জের বিন আলম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 12:45 AM

Updated : 26 Jul 2022, 12:45 AM

নিখোঁজের দুইদিন পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ গাজীপুরে তুরাগ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পলাশোনা এলাকায় তার মরদেহ পাওয়া যায় বলে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান।

নিহত মোয়াজ্জের বিন আলম (২৩) ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার রেজাউল আলম হিরোর ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি ইসমাইল হোসেন জানান, শনিবার [২৩ জুলাই] ইউনিভার্সিটিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মোয়াজ্জের বিন আলম। বাসায় ফিরে না আসায় পরিবার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে।

ওসি জানান, সোমবার সকালে পলাশোনা এলাকায় তুরাগ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে নৌ পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মোয়াজ্জেরের বাবা রেজাউল আলম ছেলের মরদেহ শনাক্ত করেন এবং তিনি গাজীপুর মহানগরের গাছা থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।