২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ঋণের টাকায় লাগিয়েছেন ৭০০ কলা গাছ, রাতের আঁধারে কেটে সাবাড়

জয়পুরহাটে প্রায় অর্ধ লক্ষ টাকা ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে এসব কলা গাছ চাষ করেন এক কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 08:47 PM

Updated : 23 Sep 2026, 08:46 PM

জয়পুরহাট সদর উপজেলায় ঋণের টাকায় দেড় বিঘা জমিতে লাগানো এক কৃষকের প্রায় ৭০০ কলা গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতন শহর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী।

এ ঘটনায় বুধবার বিকালে ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ সদর থানায় অভিযোগ করেছেন। নূর মোহাম্মদ ওই এলাকার লুৎফর রহমানের ছেলে।

ওসি নুরে আলম বলেন, এনজিওসহ বিভিন্ন জনের কাছে প্রায় অর্ধ লক্ষ টাকা ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে ৭০০ কলা গাছ চাষ করেন নূর মোহাম্মদ। মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা ফলন্ত কলাগাছগুলো কেটে সাবাড় করে। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন চাষি।

ঘটনার পর থেকে চোখের জল ফেলছেন ৩৬ বছর বয়সি নূর মোহাম্মদ। তিনি বলেন, দীর্ঘদিনের রক্ত পানি করা পরিশ্রম আর বুক ভরা আশা নিয়ে দেড় বিঘা জমিতে গড়ে তুলেছিলেন কলা বাগান। অধিকাংশ গাছেই এসেছিল থোড়, ঝুলছিল কাঁচা কলা। গত বছর একই জমি থেকে ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল।

এ বছরও কলার দাম ভালো থাকায় লাভের স্বপ্ন বুনছিলেন নুর মোহাম্মদ। কিন্তু এক রাতের আঁধারে তার সব স্বপ্ন শেষ হয়ে গেল।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

ওসি নুরে আলম বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।