২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না: তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশে আসাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মনে করছেন সরকারের এ মন্ত্রী। 

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 02:05 PM

Updated : 21 Jul 2023, 02:05 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।”

আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিতে এসে শুক্রবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউজে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে পা ভাঙা বাঘ আখ্যায়িত করে মন্ত্রী বলেন, “খাঁচায় বন্দী সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না।

“তারা যদি দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে সরকার কঠোর হস্তে তাদের দমন করবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিহত করবে।”

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি দিচ্ছে সেটি শুধু পাকিস্তানে আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “আমার প্রশ্ন, তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ অনুকরণ করে?” 

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশে আসাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মনে করছেন সরকারের এ মন্ত্রী। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম ৩ আসনের সাংসদ আব্দুল মতিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজিত রায় নন্দী, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম এ সময় সেখানে ছিলেন।

তথ্যমন্ত্রী সার্কিট হাউজ থেকে বের হয়ে জেলা পরিষদের হলরুমে দলের বর্ধিত সভায় যোগ দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।