‘নিম্নমানের মিষ্টি’: বান্দরবানের বনফুলের মালিক কারাগারে
গত ১৫ জুন বনফুলের ওই শাখায় অভিযান চালিয়ে বিক্রির জন্য সাজিয়া রাখা নিম্নমানের রসমালাই পায় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
নিম্নমানের মিষ্টি রাখার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দরবানের বনফুলের মালিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে বান্দরবান মুখ্য বিচারিক হাকিমের অধীন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এ এস এম এমরান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন বলে জানান কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলুল হক।
কারাগারে পাঠানো ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্যাংভিটা এলাকার বাসিন্দা। বান্দরবানের কেন্দ্রীয় জামে মসজিদ সড়কের ইসলামিয়া পাঠাগার ভবনের বনফুল অ্যান্ড কোং-এর মালিক তিনি।
অভিযোগের বরাত দিয়ে আদালত পুলিশ পরিদর্শক ফজলুল হক সাংবাদিকদের বলেন, গত ১৫ জুন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫২ (ঙ) ধারা মতে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বান্দরবানের বনফুলের দোকানে অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখা নিন্মমানের রসমালাই পাওয়া যায়। এই নিম্নমানের মিষ্টি রাখার দায়ে ওই শাখার মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ।
দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতে আত্মপক্ষ সমর্থন করে জামিন আবেদন করেন খোরশেদ আলম। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, “জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
