২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে কমিটি

১৯৮২ সালে জেলা শহরের নিউ টাউন এলাকায় দানবীর ওয়ালী নেওয়াজ খানের নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়।

কিশোরগঞ্জে অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে কমিটি

মো. আল-আমিন

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 06:41 PM

Updated : 09 Aug 2022, 08:48 PM

কিশোরগঞ্জ শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মো. আল-আমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. কামরুল ইসলাম বাবু দুই মাস আগে [গত ৯ জুন] ১২টি অনিয়ম-দুর্নীতির উল্লেখ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ অনুসন্ধানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গত ২রা অগাস্ট তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন।

১৯৮২ সালে জেলা শহরের নিউ টাউন এলাকায় স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে দানবীর ওয়ালী নেওয়াজ খানের নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়।

২০২০ সালের ২২শে জুন এ প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন সহকারী অধ্যাপক আল-আমিন।

কামরুল ইসলাম বাবুর অভিযোগর মধ্যে অবৈধভাবে শিক্ষক-কর্মচারী নিয়োগ, সরকারি পে-স্কেল লঙ্ঘন করে মনগড়া বেতন কাঠামো তৈরি করে অর্থ আত্মসাৎ, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায়, অভ্যন্তরীণ পরীক্ষা না নিয়ে অর্থ আত্মসাৎ, কলেজের এফডিআর এর টাকা উত্তোলন উল্লেখ যোগ্য।

এ ছাড়া কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদেরও উচ্চ শিক্ষা ইনক্রিমেন্ট হিসেবে পিএইচডি ও এমফিল ভাতা দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।

এদিকে, অভিযোগ তদন্তে জেলা প্রশাসকের গঠিত কমিটিতে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে আহ্বায়ক এবং জেলা শিক্ষা অফিসার ও জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম জানান, অনুসন্ধান কমিটির প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযোগকারী কামরুল ইসলাম বাবু বলেন, অধ্যক্ষ মো. আল-আমিনের বিভিন্ন অনিয়মের ব্যাপারে তদন্ত অনুসন্ধানের আবেদন জানানো হয়।

তিনি বলেন, ১৯৮২ সালে স্থাপিত ১৫টি বিষয়ে অনার্স ও এমবিএ প্রফেশনাল সমৃদ্ধ ঐতিহ্যবাহী ওয়ালী নেওয়াজ খান কলেজে এইচএসসি, বিএম শাখা, ডিগ্রি (জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) কোর্সে বর্তমানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। যাদের প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীই দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।

“তাদের কষ্টার্জিত টাকা অধ্যক্ষ সরকারি পরিপত্র বহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি করে আত্মসাৎ করছেন।”

তবে নাম প্রকাশ না করা শর্তে কলেজ পরিচালনা পর্ষদের একাধিক শিক্ষক প্রতিনিধিসহ একাধিক সদস্য জানান, আনীত অভিযোগ অনেকাংশেই সঠিক। কলেজটিকে রক্ষা করতে সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে অভিযোগ অস্বীকার করে আল-আমিন বলেন, “অনুমোদিত স্কেলে বেতন-ভাতা নেওয়া হচ্ছে। স্কেলের চেয়ে বেশি আমি কীভাবে নেব? জালিয়াতির মাধ্যমে ভুয়া নিয়োগ ও কাল্পনিক ভাউচার তৈরি এসব অভিযোগ বানোয়াট। বাজেট অনুমোদন হয়েছে, পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে, সবকিছুই অনুমোদিত।”

অনুসন্ধান প্রতিবেদনেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন।