রাবি ছাত্রের মৃত্যু: শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাল্টাপাল্টি বিক্ষোভ
বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান মার্কেটিং বিভাগের ছাত্র শাহরিয়ার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।
অপরদিকে রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শাহরিয়ারের চিকিৎসায় ‘অবহেলা’র অভিযোগ তুলে সহপাঠীদের ওপর নৃশংস হামলা, হত্যাচেষ্টা এবং মিথ্যা মামলার প্রতিবাদে নয় দফা দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বুধবার হাসপাতালে রামেক কর্তৃপক্ষের নির্দেশে স্টাফ, ইন্টার্ন চিকিৎসক ও সংশ্লিষ্টরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের রুমে আটক রাখে এবং চিকিৎসায় ব্যবহৃত ছুরি-কাচি দিয়ে অতর্কিত হামলা চালায়।
যাতে অনেকেই গুরুতর আহত হয়। কেউ কেউ হাতে, পিঠে, কানে কিংবা চোখে গুরুতর জখম হয়েছেন। আহতরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীরা এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
এ ছাড়া শিক্ষার্থীর মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্যদের সভাপতি ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বক্তব্যের নিন্দা জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় ৫০০ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও সংহতি জানিয়ে অংশ নেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে সংসদ সদস্য বাদশার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নয় দফা দাবি হলো-
১. শাহরিয়ারের মরদেহের পাশে অবস্থানকালে তার সহপাঠীদের ওপর হামলা এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িত ইন্টার্ন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও আনসারদের দ্রুত অব্যাহতি দিতে হবে। তাদের প্রত্যেককেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
২. রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর অসংলগ্ন আচরণ ও প্রত্যক্ষ মদদে বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। তাই পরিচালককে অপসারণ করতে হবে।
৩. হাসপাতালের অব্যবস্থাপনা ও জরুরি মুহূর্তে ফর্মালিটিজের নামে সাধারণ মানুষের হয়রানি, চাঁদাবাজি এবং ক্লিনিকগুলোর সঙ্গে যোগসাজশ বন্ধ করতে হবে।
৪. হাসপাতালের বিদ্যমান বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে হবে। ডাক্তারদের দোষ ওয়ার্ডবয়ের ওপর, ওয়ার্ডবয়দের দোষ ডাক্তারদের ওপর চাপিয়ে দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।
৫. সংসদ সদস্য বাদশার বেসামাল, অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রত্যাহার করতে হবে। অসংলগ্ন কথাবার্তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৬. ইন্টার্ন চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, রোগী এবং রোগীর অভিভাবকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অভিযোগ জানাতে গেলে অভিভাবকদের ওপর অস্ত্রোপচার সামগ্রী দিয়ে আক্রমণের অভ্যাস পরিহার করতে হবে। সর্বোপরি মানবিক ও আন্তরিক হতে হবে।
৭. জরুরি বিভাগে সিনিয়র ডাক্তারদের উপস্থিতিতে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডাক্তারদের দায়িত্ব চলাকালীন নার্স/ওয়ার্ডবয় দিয়ে প্রক্সি দেওয়ানো চলবে না।
৮. আইসিউ ব্যবস্থা সহজ করতে হবে। ভিসি এবং প্রক্টর স্যারের সিগনেচারের নামে টালবাহানা করে যে কালক্ষেপণ করা হলো তা দ্বিতীয় কারও সঙ্গে করা হবে না- এই নিশ্চয়তা দিতে হবে।
৯. অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। রামেকের ডাক্তার-নার্সরা মনগড়া, বানোয়াট, কাল্পনিক, অসত্য যে ঘটনা সাজিয়েছে তার চিত্র প্রকাশ করে সবাইকে প্রকৃত সত্য ঘটনা জানার সুযোগ করে দিতে হবে।
শাহরিয়ারের মৃত্যু রহস্য উৎঘাটনের দাবি
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।
এ সময় তারা হাসপাতালে ভাঙচুর ও ইন্টার্ন চিকিৎসকদের মারধরে জড়িত বিশ্ববিদ্যালয় ছাত্রদের গ্রেপ্তার, হাসপাতালে কাজের পরিবেশ নিশ্চিত ও নিহত রাবি ছাত্র শাহরিয়ারের মৃত্যু রহস্য উৎঘাটনের দাবি জানান তারা।
এ সব দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।
এদিকে শনিবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকদের তিন দিনের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন হাসপাতালের রোগীরা।
ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালে ফেরানোর চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি।
এ ছাড়া ঘটনার সময় পুলিশের অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, “ঘটনার সময় আমি পুলিশের সঙ্গে একাধিবার যোগোযোগ করেছি। কিন্তু তাদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা তা পাইনি। বিশেষ করে অবরুদ্ধ চিকিৎসকদের উদ্ধারে পুলিশ এগিয়ে যায়নি।’’
বুধবার রাত আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান মার্কেটিং বিভাগের ছাত্র শাহরিয়ার। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাবি শিক্ষার্থীরা। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও রাবি শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
