২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর যাবজ্জীবন দণ্ডিত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার রংপুরে

২০২১ সালের ৮ ফেব্রুয়ারি অটোরিকশা চালক হত্যার দায়ে সুমনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

ফেনীর যাবজ্জীবন দণ্ডিত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার রংপুরে

১৩ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত আসামি রংপুরে গ্রেপ্তার।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 04:27 PM

Updated : 14 Jun 2023, 04:27 PM

ফেনীর ফুলগাজী উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১৩ বছর পর রংপুরে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে রংপুরের মাহিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দণ্ডিত সুমন চন্দ্র রায় (৪৩) চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

মামলা ও রায়ের বরাত দিয়ে অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল জানান, ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যায় ফেনীর পরশুরাম অটোরিকশার স্টান্ড থেকে যাত্রী নিয়ে ফুলগাজীর দিকে রওনা হন মো. মুলকত আহাম্মদ ওরফে কালা মিয়া। এরপর থেকে অটোরিকশা চালকের মুঠোফোন বন্ধ পায় স্বজনরা।

পরদিন ১৯ নভেম্বর মধ্যরাতে ফুলগাজীর ধলিয়া জগতপুর এলাকায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, এ ঘটনায় নিহতের ভাই মো. ফখরুল বাদী হয়ে ওই দিন ফেনীর ফুলগাজী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তদন্তের মাধ্যমে ফুলগাজী থানার তদন্তকারী কর্মকর্তার তিনজনকে শনাক্ত করেন।

তাদের গ্রেপ্তার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা উল্লেখ করে, অটোরিকশা ও মোবাইল ফোন লুট করার জন্য ধারালো অস্ত্র দিয়ে চালক মুলকত আহাম্মদকে হত্যা করা হয়।

বিচার কার্য শেষে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সুমন চন্দ্র রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, হত্যার পর থেকে আসামি সুমন চন্দ্র বিভিন্ন স্থান পরিবর্তন করে ছদ্মনামে ১৩ বছর রংপুরের মাহিগঞ্জ এলাকায় বসবাস করে আসছিলেন। র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে সুমনকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।

বুধবার দুপুরে আসামিকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।