২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ছিটকে আরেক লাইনে ট্রাক, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব ট্রেন চলাচল প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ ছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 10:38 AM

Updated : 26 Jul 2023, 11:41 AM

গাজীপুরে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে আরেক লাইনে পড়েছিল এক ট্রাক। চালকের দক্ষতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আরেক ট্রেন।

গত মঙ্গলবার রাতে মহানগরীর সদর থানাধীন সামন্তপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ লাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান।

এ ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকে।

স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, মঙ্গলবার রাত পৌন ৮টার দিকে একটি ট্রাক জয়দেবপুর স্টেশনের পাশে সামন্তপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস যাচ্ছিল ওই লাইন দিয়ে।

ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে আড়াআড়িভাবে পাশের লাইনের ওপরে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ব্রহ্মপুত্র ট্রেনটি দুর্ঘটনার পর গন্তব্যের দিকে চলে যায়।

স্টেশন মাস্টার বলেন, প্রায় একই সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন ত্যাগ করে।

“ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে রেললাইনের ওপর ট্রাক পড়ে থাকতে দেখে চালক দক্ষতার সঙ্গে ব্রেক কষে ট্রেন থামাতে সক্ষম হন। এতে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় লালমনি এক্সপ্রেস ও যাত্রীরা।”

এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস, তুরাগ এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে এবং চিত্রা এক্সপ্রেস ধীরাশ্রম স্টেশনে আটকা পড়ে।

জয়দেবপুর স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল্লাহ জানান, ওই রেল ক্রসিংয়ের পূর্ব পাশে কোনো ব্যারিয়ার ছিল না। ওই পাশেই একটি পিকআপ দাঁড়ানো ছিল। ট্রাকটি পিকআপটিকে পাশ কাটিয়ে রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় ওই ঘটনা ঘটে।

“খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। গাজীপুর মহানগর পুলিশ রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরিয়ে নিলে প্রায় সোয়া দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে ওই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।”

পুলিশ ট্রাকটি তাদের হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন জানিয়ে এসআই শহীদুল্লা বলেন, ট্রেনের ধাক্কায় ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্রাকটি ধীরাশ্রম থেকে সামন্তপুরের দিকে যাচ্ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ সদস্য।