বিশ্ব ইজতেমায় আরেকজনের মৃত্যু
সবমিলিয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরেক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।
শুক্রবার বিকালে আক্কাস আলী নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
আক্কাস ঢাকার যাত্রাবাড়ীর উত্তরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
ইজতেমা নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক এস এম সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে ইজতেমা ময়দানের ৬৮ নম্বর খিত্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার অসুস্থ হয়ে গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুরের নুরুল হক (৬৩) মারা যান। সবমিলিয়ে এখন পর্যন্ত ইজতেমায় আসা তিনজনের মৃত্যু হয়েছে।
