২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

ইউএনও বললেন, পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 05:13 PM

Updated : 22 Aug 2022, 06:08 PM

বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার দুপুরে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীরের স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, তালতলী উপজেলা বিএনপি সোমবার বিকাল ৩টায় তালতলী মালীপাড়া সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

একই সময় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা তালতলী হাইস্কুল রোডের বটতলা মোড়েও কর্মসূচির আয়োজন করেছে।

অন্যদিকে বড়বগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে তালতলী সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।

ইউএনও সাদিক তানভীর বলেন, এই পরিপ্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির পর কর্মসূচির স্থগিত করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু বলেন, “১৪৪ ধারা জারির পর আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।”