২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেন সাত্তার

রমজান উপলক্ষে প্রতি শুক্রবার ৪-৫টি গরু জবাই করা হয় বলে জানান ব্যবসায়ী।

৫৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেন সাত্তার

সিরাজগঞ্জের যমুনা নদীর ঘাট সংলগ্ন শহীদ শেখ রাসেল পার্কের সামনে মাংস বিক্রি করছেন হাজী আব্দুস সাত্তার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 04:55 PM

Updated : 09 Apr 2023, 04:55 PM

সিরাজগঞ্জ সদরে বাজার মূল্যের চেয়ে দুইশ টাকা কমে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে।

রমজান উপলক্ষে প্রতি শুক্রবার যমুনা নদীর ঘাট সংলগ্ন শহীদ শেখ রাসেল পার্কের সামনে এ মাংস বিক্রি করেন হাজী আব্দুস সাত্তার।

স্থানীয়রা জানান, পেশাদার মাংস ব্যবসায়ী না হয়েও রমজানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ গ্রহণ করায় জেলাজুড়ে প্রসংশিত হচ্ছেন আব্দুস সাত্তার।

গরুর মাংস ছাড়াও প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০, সোনালী ২৯০, ডিমের হালি ৩৫ ও দুধ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করেন তিনি।

স্থানীয় জসিম উদ্দিন, রহমত আলী ও বরকত উল্লাহসহ অনেকেই জানান, আমরা নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারে গরুর মাংস, মুরগি ও দুধের দামে ঊর্ধ্বগতি।

“ঠিক এই মুহূর্তে আব্দুস সাত্তার স্বল্পমূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ায় আমাদের মতো পরিবারগুলো উপকৃত হচ্ছে।”

এ বিষয়ে হাজী আব্দুস সাত্তার বলেন, “প্রতি শুক্রবার চার থেকে পাঁচটি করে গরু জবাই করা হয়। নিজের খামারের গরুর দুধ ও মুরগি চাহিদা অনুযায়ী স্বল্প মূল্যে বিক্রি করি।

“পুরো রমজানের এ কার্যক্রম চলবে। এমন উদ্যোগ নিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।”

হাজী আব্দুস সাত্তার আওয়ামী লীগের সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি। পেশায় তিনি একজন বালু ব্যবসায়ী।