‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।
সিজিপিএ পদ্ধতি বাতিল করে ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বেলা ২টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলবে বলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শিক্ষার্থী আবু মাসুম বলেন, “২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিলো না।”
এ বিষয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কারিকুলাম নিয়ে। এখানে তাদের করার কিছুই নেই। শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে স্মারকলিপি দিলে সেটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হবে ।
