টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কক্সবাজোরের টেকনাফ উপজেলায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ বা আইসসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী জামাল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান।
গ্রেপ্তার এনামুল করিম (২৫) সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মির কাশেমের ছেলে।
ওসি বলেন, “গোপন খবরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে এনামুলকে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
“পরে এনামুলের কাছ থেকে দশ হাজার ইয়াবা, এক কেজি ৬০ গ্রাম আইস এবং রাম দাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”
এনামুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় এনামুলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাকে আদালতে তোলা হয়েছে।
