২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় ডোমারের পৌর মেয়র কারাগারে

ইটভাটার জন্য অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন মেয়র।

৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় ডোমারের পৌর মেয়র কারাগারে

নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 08:42 PM

Updated : 10 Oct 2022, 08:42 PM

৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে নীলফামারীর বিশেষ জজ মো. মাহমুদুল করিমের আদালতে হাজির হয়ে মেয়র আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামমঞ্জুর করে মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে দুদকের আইনজীবী কামারুজ্জামান শাসন জানান।

দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ ২৩ আগস্ট বাদী হয়ে মেয়রের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। এরপর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন মেয়র।

একই মামলায় নীলফামারী অগ্রণী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক রথীন্দ্র নাথ সরকার ও কর্মকর্তা মো. শফিকুল ইসলামকেও আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, মেয়র দানু ‘শাওন অটো ব্রিকস লিমিটেডের’ নামে অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা থেকে ২০১৪ সালে ১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নেন। সে সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রথীন্দ্র নাথ সরকার ও কর্মকর্তা শফিকুল ইসলামের যোগসাজসে নিয়ম ভেঙে একসঙ্গে সমুদয় টাকা উত্তোলন করেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়র সুদে-আসলে ২৩ কোটি ৩৪ লাখ টাকার ক্ষতি সাধন করেছেন।

মামলায় আরও বলা হয়, এরপর ২০১৬ সালে ব্রিকস ফিল্ডের জন্য এলসির মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করেও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে বন্দর থেকে ওই মালামাল উত্তোলন করেননি মেয়র দানু। এতে বন্দর কর্তৃপক্ষের পাওনা দাঁড়িয়েছে ৩১ কোটি ১০ লাখ টাকা।

ব্যাংক ঋণ এবং বন্দর কর্তৃপক্ষের পাওনাসহ মোট ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয় দুদকের ওই মামলায়।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম বলেন, মেয়র তার ইটভাটার যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানির জন্য অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেন। তিনি ওই যন্ত্রপাতি বন্দর থেকে কিছু উত্তোলন করেন; এরপর অর্থ সংকটে অবশিষ্ট যন্ত্রপাতি উত্তোলন করতে পারেননি।

“ঋণ পরিশোধের বিষয়ে গত ১৬ আগস্ট অগ্রণী ব্যাংক নীলফামারী শাখার সঙ্গে তার একটি সমঝোতা হয়। এরই মধ্যে গত ২৩ আগস্ট রংপুর দুদক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।”

মেয়রের জামিন নামঞ্জুরের বিষয়ে আইনজীবী বলেন, তারা উচ্চ আদালতে যাবেন।

মামলার দুদকের আইনজীবী কামরুজ্জামান শাসন বলেন, ঋণের শর্ত মানেননি মেয়র। মামলার তদন্ত হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।