২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গাছ চাপায় শিশু নিহত, আহত মা হাসপাতালে

এ ছাড়া আহত হয়েছেন শিশুটির মা; তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীতে গাছ চাপায় শিশু নিহত, আহত মা হাসপাতালে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গাছ চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 02:31 PM

Updated : 25 Oct 2022, 02:31 PM

ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবে ঘরে গাছ পড়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন তার মা।

সোমবার রাতে উপজেলার পূর্ব চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ জানান।

নিহত সানজিদ আফ্রিদি গ্রামের মো. আবদুল্লাহর ছেলে।

আহত মা সানজিদা খানমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে ওসি বলেন, ঝড়ের সময় রাতে আবদুল্লাহর ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশু সানজিদ গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আর তার মা আহত হন।  

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হবে। 

এদিকে ঝড়ের কারণে নোয়াখালীর উপকূলীয় এলাকা প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ঝড়ে সড়কে ও বাড়িঘরের উপর গাছপালা উপড়ে পড়েছে। এতে কোথাও কোথাও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সেগুলো সরিয়ে নিতে ফায়ারা সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।   

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, নোয়াখালীর উপকূলের গত দুদিন ধরে বিদ্যুৎ সংযোগ নেই। জেলা শহরেও একাংশের গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সংযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন।

এদিকে বিদ্যুৎ না থাকায় মুঠোফোনে চার্জ দিতে পারছেন না ব্যবহারকারীরা। পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থা খুবই দুর্বল থাকায় মানুষ স্বজনদের খবরা-খবরও নিতে পারছেন না।

ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবের মধ্যে ১২ জেলায় মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নোয়াখালী ছাড়া ভোলায় চারজন, কুমিল্লায় তিনজন, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে দুজন করে এবং বরগুনা, পটুয়াখালী, নড়াইল, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া,চট্টগ্রাম ও ঢাকায় একজন করে মারা গেছেন।