২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়কে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে রিকশাচালকের মৃত্যু 

চিকিৎসক জানান, হামিদ কত সময় রিকশা চালিয়েছেন বা তার শরীরের অবস্থা কেমন ছিল তা না জেনে হিটস্ট্রোকে মৃত্যু বলা যাবে না।

সিলেটে সড়কে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে রিকশাচালকের মৃত্যু 

দক্ষিণ সুরমা থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 03:29 PM

Updated : 21 Apr 2024, 06:42 PM

সিলেট নগরীতে সড়কে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কাজিরবাজার ব্রিজের পাশে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান।

মৃত আবু হামিদ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।

ওসি বলেন, সকালের দিকে এক অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“প্রাথমিকভাবে ধারণা করছে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামিদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।”

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, “যে তাপমাত্রায় হিটস্ট্রোক হওয়ার কথা; সিলেটে সে তাপমাত্রা নেই। তবে উনি কত সময় রিকশা চালিয়েছেন বা শরীরের অবস্থা কেমন ছিল তা না জেনে হিটস্ট্রোকে মৃত্যু বলাটা কঠিন।”