হবিগঞ্জে পল্লী চিকিৎসক হত্যায় ৫ জনের যাবজ্জীবন
সাজার পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন বিচারক।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক পল্লী চিকিৎসককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াছির আরাফাত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে সালাউদ্দিন, তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার ছেলে রফিজ উদ্দিন, মতিউর রহমানের ছেলে আজিজুর রহমান ও বাদশা মিয়ার ছেলে আক্তার মিয়া।
দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, জমি নিয়ে পল্লী চিকিৎসক আফজালুর রহমানের সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এর জেরে ২০০৬ সালের ২১ মার্চ রাতে ধরাছড়া সেতু এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করা হলে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে পরদিন একটি হত্যা মামলা করেন।
