Published : 17 Sep 2026, 01:49 PM
শেরপুরে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ভাতিজাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।
নিহত রুকিয়া বেগম (৩০) ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী ও তিন সন্তানের মা। আটক করা হয়েছে তার প্রতিবেশী ভাসুর আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে (২০)।
স্থানীয়দের বরাতে ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, বুধবার দুপুরে বাড়ির উঠানে চেয়ারে বসে চার মাস বয়সি সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন রুকিয়া।
এ সময় আরিফুল ইসলাম ধারালো দা দিয়ে তার গলায় কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর আরিফুল নিজের ঘরে গিয়ে রক্তমাখা পোশাক বদলে গোসল করে আত্মগোপনের চেষ্টা করলেও উত্তেজিত এলাকাবাসী তাকে আটকে ফেলে।
পরে তাকে মারধরের চেষ্টা করা হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুলকে হেফাজতে নেয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল মাদকের টাকা চেয়ে না পাওয়ায় তার চাচি রুকিয়া বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘর থেকে তার পরনের রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।