Published : 06 Apr 2023, 05:25 PM
দিনাজপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশি অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ২টার দিকে দিনাজপুর-দশমাইল সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (৪০), উত্তর গোসাইপুর এলাকার মৃত তোফাজ্জলের ছেলে জাহিদুল (৩২), একই এলাকার মকবুলের ছেলে আনারুল ইসলাম (৪০), ভবানীপুর গ্রামের মৃত ইয়াসিল আলীর ছেলে সিয়াম ইসলাম (২৪) এবং মেদ্দাপাড়া গ্রামের রবিউলের ছেলে সজল ইসলাম (২৫)।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ডাকাতির প্রস্তুতির গোপন খবর পেয়ে উপজেলার কর্নাই কাটাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে, তাদের ধাওয়া করে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, ছুরি, হাসুয়া ও রশি উদ্ধার করা হয়।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির একাধিক মামলা আছে বলে পুলিশ সুপার শাহ ইফতেখার জানান।