কুমিল্লায় মাদক ও জুয়া নিয়ে আধিপত্যে যুবককে খুন
“নিহত যুবকসহ দুপক্ষই মাদক সেবন, জুয়া এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”
কুমিল্লায় জুয়া, মাদকসহ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে এ ঘটনা ঘটে বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান।
নিহত শহিদুল ইসলাম কাউছার (২৮) কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে।
এ ঘটনায় মারুফ নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, বিকেলে স্থানীয় দুটি পক্ষ জুয়া, মাদকসহ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ায়। কিছুক্ষণ পর তারা চলে যায়। কিন্তু প্রস্তুতি নিয়ে সন্ধ্যায় আবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“তখন প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাউছার গুরুতর আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আমড়াতলি ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাফিজুল ইসলাম বলেন, “সীমান্তের কাছাকাছি হওয়ায় এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। নিহত যুবকসহ দুপক্ষই মাদক সেবন, জুয়া এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।”
