২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, নিহত ২ বন্ধু, আহত ১

বন্ধুদের আমন্ত্রণে কুমিল্লা থেকে ফেনীতে বেড়াতে এসেছিলেন তিন তরুণ।

ফেনীতে সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, নিহত ২ বন্ধু, আহত ১

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 03:26 PM

Updated : 18 Jun 2023, 03:34 PM

ফেনীতে সদর উপজেলায় সড়ক বিভাজকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরেক বন্ধু।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক বাইপাস সড়কের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল।

হতাহতরা সবাই কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার বাসিন্দা ও পরস্পরের বন্ধু। নিহতরা হলেন- মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত হয়েছেন আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।

পরিদর্শক কামাল জানান, কুমিল্লা থেকে তিন তরুণ শনিবার রাতে বন্ধুদের আমন্ত্রণে ফেনীতে বেড়াতে আসেন। রোববার সকালে তারা মোটরসাইকেলে করে নিজেদের এলাকায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কামাল জানান, তরুণদের মোটরসাইকেলটি মহাসড়কের বিসিক সড়কের মোড়ে এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে সজোরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকলটি। এ সময় আরোহী তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় হাইওয়ে পুলিশ। এ সময় চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

আহত সজীব ও বাবুকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সজীবও মারা যায়।

পুলিশ কর্মকর্তা মোস্তফা আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।