রাতে মণ্ডপ পাহারা দিতে বললেন আইজিপি
নবমীর রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দেশের সব মণ্ডপ পাহারা দিতে বলেছেন আইজিপি।
নবমীর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত দুর্গাপূজা মণ্ডপ পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন৷
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ অনুরোধ জানান৷
আইজিপি বলেন, “অনুরোধ করব, আজকে শেষ রাত বারোটা পর্যন্ত লোকজন আছে৷ বারোটার পর থেকে সকাল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ৷ সবাই সতর্ক থাকবেন৷ অন্তত একজন লোক যেন এখানে (মণ্ডপ) থাকে৷ মিডিয়ার মাধ্যমে সবাইকেই এ অনুরোধ করছি৷ দেশের সব মণ্ডপের কথাই আমি বলছি৷”
মণ্ডপে অন্তত একজনকে পাহারা দেওয়ার জন্য রাখার অনুরোধ করে তিনি বলেন, “রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত একজন পাহারাদার যেন মণ্ডপে থাকে৷ যদি কেউ দুষ্কর্ম করতে আসে তাকে যেন ধরে ফেলতে পারে৷ না ধরতে পারলে চিনে রাখবেন আমরা ধরে ফেলব৷”
তিনি বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অবিচল৷ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সকলে মিলে আমরা কাজ করছি৷ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে আমরা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি৷ এরপরও দুষ্কৃতিকারীরা অপকর্ম করতে চেষ্টা করে৷”
গত বছর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননার গুজব তুলে পূজামণ্ডপে হামলা হয়। পরে নোয়াখালী, চাঁদপুরেও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগও হয়। প্রাণহানির ঘটনা ঘটে নোয়াখালীতে।
