লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের সাজা
এই রায়ে বেকসুর খালাস পেয়েছেন একজন
লক্ষ্মীপুরের কমলনগরে দুই বছর আগের এক অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদুর রহমানকে (২৯) রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
একই মামলায় ফিরোজ আলম পেয়ার (২১) নামে এক আসামি বেকসুর খালাস পেয়েছেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন।
মাকসুদুর রহমানের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার কালাদরাপ ইউনিয়নের সল্যাডগি গ্রামে; তার বাবার নাম আবদুল মতিন। আর খালাস পাওয়া ফিরোজ একই থানার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের আবু ছায়েদ ভূঁইয়ার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। ভোটের আগের রাতে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এবং বিজিবি টহল দিচ্ছিল। সে সময় ‘সন্ত্রাসী’ মাকসুদুর রহমান ও ফিরোজ নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের জন্য অস্ত্র নিয়ে প্রবেশ করে।
তারা চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দেখে মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ ও বিজিবি সদস্যরা মাকসুদুর এবং ফিরোজকে আটক করে।
পরে মাকসুদের শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। আর ফিরোজের কাছ থেকে নম্বর বিহীন একটি মোটরসাইকেল পাওয়া যায়।
ওই রাতে কমলনগরের হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাকসুদুর রহমান ও ফিরোজ আলমকে আসামি করে কমলনগর থানায় অস্ত্র আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত করেন কমলনগর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সিংহ। তিনি মাকসুদুর রহমান ও ফিরোজকে আসামি করে ২০২১ সালের ১১ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবদেন দেন।
এছাড়া ফিরোজের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সুধারাম থানায় আরও ৫টি মামলা রয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দুই বছর ধরে বিচার চলার পর মাকসুদুরকে কারাদণ্ড এবং ফিরোজকে খালাস দিল আদালত।
