১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় মা-ছেলে হত্যা: মামলা, জিজ্ঞাসাবাদের জন্য ২ যুবক আটক

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের দাবি, কিছু ক্লু তারা পেয়েছেন এবং সে মোতাবেক তদন্ত চলছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 04:19 PM

Updated : 27 Jan 2024, 04:19 PM

পাবনার চাটমোহর উপজেলার মা-ছেলে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে এ মামলা করেন বলে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান।

জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিন নামের দুই যুবককে।

গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন ও তার ৮ বছরের শিশু সন্তান রিয়াদ হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে লাবনীর ও বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত হত্যার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি, তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের দাবি কিছু ক্লু তারা পেয়েছেন এবং সে মোতাবেক তদন্ত চলছে।

তিনি দাবি করেন- খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে সক্ষম হবেন।

ওসি সেলিম রেজা জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুরানো খবর

পুরানো খবর:

রান্নাঘরে মায়ের আর গাছে ঝুলছিল ছেলের লাশ