২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাফটকে ‘ইয়াবা বিক্রেতা’ আসামি, ক্রেতা ‘কারারক্ষী’

জেলা কারাগারের প্রধান ফটকের সামনে ইয়াবা কেনাবেচার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

কারাফটকে ‘ইয়াবা বিক্রেতা’ আসামি, ক্রেতা ‘কারারক্ষী’

রাজবাড়ী জেলা কারাগার

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 06:48 PM

Updated : 22 Sep 2022, 07:14 PM

রাজবাড়ী জেলা কারাগারের প্রধান ফটকে ইয়াবা বিক্রির সময় পাঁচ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, ইয়াবাগুলোর ক্রেতা ছিলেন ওই কারাগারের একজন রক্ষী।

বুধবার সন্ধ্যায় ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করা গেলেও ক্রেতা পালিয়ে যান বলে বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রাণবন্ধু বিশ্বাস জানান। 

গ্রেপ্তার আশরাফুজ্জামান (৩৫) রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া গ্রামের কাদের মোল্লার ও কারারক্ষী শামিম হোসেন (২২) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে।

ওসি প্রাণবন্ধু বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজবাড়ী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে ইয়াবা কেনাবেচার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আশরাফুজ্জামানকে ৩২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারারক্ষী শামিম হোসেন পালিয়ে যান।”

ওসি আরও বলেন, “আশরাফুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ মোট পাঁচটি মামলা আছে; মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা হয়েছে।

“তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে; পলাতক শামিমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার হুমায়ন কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”