নেত্রকোণায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
দুর্ঘটনার পর ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় একজনের প্রাণ গেছে।
উপজেলার ফান্দা বাজার এলাকায় রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার এসআই মো. সফিউল আলম জানান।
নিহত ৭০ বছর বয়সী জয়নাল আবেদীন মৃধার বাড়ি দুর্গাপুর সদর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে।
স্থানীয়দের বরাতে এসআই সফিউল বলেন, রোববার রাতে স্থানীয় একটি মসজিদের সভায় অংশ নিতে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। এ সময় মেনকিফান্দা গ্রামের পথে হঠাৎ পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
“গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পর ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।
