জয়পুরহাটে হেরোইন রাখার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
জামিন নিয়ে পালিয়ে গেলেও আসামিকে ফের গ্রেপ্তার করে পুলিশ।
হেরোইন রাখার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জয়পুরহাটের একটি আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম সরোয়ার আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ওই দিনই আক্কেলপুর থানায় মামলা হয়। তিন মাসের মধ্যে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এ অবস্থায় আদালতে মিথ্যা তথ্য দিয়ে জামিন নিয়ে পালিয়ে যান নাজমুল। গত ২৪ জুলাই তাকে জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন নাজমুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আইনজীবী বলেন, গ্রেপ্তারের ১৬ দিনের মধ্যে মামলার রায়ে নাজমুলকে মৃত্যুদণ্ড ছাড়াও অন্য একটি ধারায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
