সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নয় বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ চেয়েছিলেন দণ্ডিত আমির চাঁন, পরে সেই শিশুর লাশ পাওয়া যায় কুয়ায়।
চার বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে নয় বছরের এক শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া যুবকের নাম আমির চাঁন; তিনি শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে আদালতের পিপি আব্দুর রহমান জানান।
তিনি বলেন, ২০১৮ সালে ওই গ্রামের ৯ বছর বয়সী শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় আমিরকে গ্রেপ্তার করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২ অগাস্ট বিকেলে রায়পুরে সালামদের বাড়ির উঠানে কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিলেন আমির। খেলা শেষে আমির প্রতিবেশীর ছেলে সালামকে ‘কৌশলে’ তার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।
এরপর মুক্তিপণ দাবি করে কয়েক দফা তাদের ঘরের কাছে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখেন আমির।
সালাম নিখোঁজের নয় দিন পর ১১ অগাস্ট শাহজাদপুর থানায় মামলা করেন তার বাবা আকছেদ আলী। তদন্তে নেমে পুলিশ আমির চাঁনকে গ্রেপ্তার করলে তিনি সালামকে হত্যার কথা স্বীকার করে জব্নবন্দি দেন।
পরে আমিরের দেওয়া তথ্যে আরেক প্রতিবেশী আব্দুল লতিফের বাড়ির কুয়া থেকে সালামের লাশ উদ্ধার করা হয়।
চার বছর ধরে সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ মামলার রায় দিল আদালত।
