হামলাকারীদের প্রশ্রয় দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আহত ছাত্রলীগ কর্মীর অভিযোগ
৫ অগাস্ট রাতে দুটি হলে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারের অংশ ছাত্রলীগের একটি পক্ষ হামলা চালায় বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
হেলমেট ও মাস্ক পড়ে মধ্যরাতে দুই হলে প্রবেশ করে হামলার ঘটনায় জড়িতদের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন আহত দুই ছাত্রলীগ কর্মী।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন হামলার শিকার শিক্ষার্থী আহত আয়াত উল্লাহ ও সালাহ উদ্দিন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে এসে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে সংবাদ সম্মেলন করেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের এই দুই শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে একাধিক পক্ষ রয়েছে; যারা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাদের মধ্যে বেশ কয়েকবার হামলা, সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু ও শের-ই বাংলা হল দুটি দীর্ঘদিন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থকদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু নির্বাচনের পর সেগুলোর নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারীদের দখলে।
৫ অগাস্ট রাতে দুটি হলে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারের অংশ ছাত্রলীগের একটি পক্ষ হেলমেট ও মাস্ক পরিহিত অবস্থায় এই হামলা চালায় বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
দুপুরে করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৫ অগাস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে দুর্বৃত্তদের হামলায় সহপাঠীরা আহত হয়েছেন খবর পেয়ে তারা ক্যাম্পাসে যান। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছালে মাস্ক ও হেলমেট পরিহিত ৩০-৩৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, গণিত বিভাগের রায়হান ইসলাম ও মোবাশ্বের রিদম এবং হিসাব বিজ্ঞান বিভাগের শরিফুল ইসলামকে তারা চিনতে পেরেছেন।
আহতরা অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এ ছাড়া সেদিনের ঘটনার পর থেকে হামলাকারীরা হল দখল করে প্রায় ২০ জন শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে নির্যাতন করেছে। কিন্তু এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ সময় তারা পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ আনেন।
হামলার ঘটনায় মুয়ীদুর রহমান বাকী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের কর্মী তানজিদ মঞ্জু বলেন, “সেই রাতে হামলায় আমিও আহত হয়েছি। এখন দেখছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ আনা হচ্ছে। নিজেরা মারামারি করে আহত হওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন দোষ চাপানো হচ্ছে আমাদের দিকে।”
দুই শিক্ষার্থীর অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক খোরশেদ আলম বলেন, “হামলার বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা তদন্ত করে মূল কারণ উদঘাটন করে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
তিনি আরও বলেন, “কেউ যদি অভিযোগ করে, তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। যে অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন। তবে ফৌজদারি বা অন্যকোনো অপরাধে যদি কেউ মামলা করেন সেটা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না।”
মহানগর পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো পক্ষের নই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতটুকু বলে তা করা হয়।
ওসি আরও বলেন, সংবাদ সম্মেলন করার জন্য আহত দুই শিক্ষার্থীকে সহায়তা করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে তাদের নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করার ব্যবস্থা করা হয়েছে। আর কারা ক্যাম্পাসে থাকবে, কারা থাকবে না- সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে।”
