পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
সমিজুল বাড়ি থেকে বেরিয়ে বুড়াবুড়ি বাজারে চা খেতে যাচ্ছিলেন; পথে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধার প্রাণ গেছে।
উপজেলার বুড়াবুড়ি বাজার সংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান।
মৃত সমিজুল ইসলামের (৭০) বাড়ি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামে।
ওসি বলেন, সমিজুল বাড়ি থেকে বেরিয়ে বুড়াবুড়ি বাজারে চা খেতে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় দিলে তিনি ছিটকে পড়ে মাথায় ও মুখে আঘাত পান।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মুক্তিযোদ্ধা সমিজুলকে মৃত ঘোষণা করেন।”
সমিজুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
