‘অসময়ের’ টর্নেডোতে বিধ্বস্ত সুনামগঞ্জে শতাধিক বাড়িঘর
“আমাদের পাড়ার ৩০-৪০টি ঘর একেবারে বিধ্বস্ত করে দিয়ে গেছে।”
‘অসময়ের’ টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তিন গ্রামের শতাধিক বাড়িঘর; এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার গভীর রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দুর্গাপুর, আসামমোড়া ও শ্রীনাথপুর গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, টর্নেডোতে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদেরকে পুনর্বাসিত করতে চূড়ান্ত তালিকা করা হচ্ছে। জনপ্রতিনিধিদের প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, রাত পৌনে ১টার দিকে টর্নেডো আঘাত হানে। মাত্র ১৫ মিনিট ছিল। এতে দুর্গাপুর ও আসামমোড়া গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া শ্রীনাথপুর গ্রামের কয়েকটি ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে।
“টিনের ঘরের চালা তাসের মতো উড়িয়ে নিয়েছে। তিন গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়েছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে অসহায় মানুষজন।”
দুর্গাপুর গ্রামের মাহমুদা বেগম বলেন, “ঘুমে ছিলাম বাচ্চাকাচ্চা নিয়ে। হঠাৎ দেখি ঘরের চালা উড়ে গেছে। ঝড়ে গাছপালা ভেঙে ঘরের উপর পড়েছে। কিছুক্ষণের মধ্যে সব তছনছ হয়ে যায়।”
“গভীর রাতে কোথাও আশ্রয় নেওয়ার সুযোগও ছিল না। আমাদের পাড়ার ৩০-৪০টি ঘর একেবারে বিধ্বস্ত করে দিয়ে গেছে। আমাদের মাথাগোঁজার ঠাঁই নাই।”
একই গ্রামের মোক্তার আলী বলেন, “আমার সব শেষ করে দিয়ে গেছে। এই জীবনে কত কষ্ট করে টিন দিয়ে ঘরটি করেছিলাম। আর এই ঘর জোড়া লাগাতে পারব না। সরকার ঘর তুলে না দিলে খোলা আকাশের নিচে থাকতে হবে। বসতঘর বিধ্বস্ত করার সঙ্গে সংসারের সব জরুরি জিনিসও নষ্ট হয়ে গেছে।”
শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তার বলেন, “আমি সরেজমিন ঘুরে এসেছি। আসলে বহু পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। আমরা তাদেরকে শুকনো খাবার দিয়েছি। দ্রুততম সময়ে সহযোগিতার জন্য তাদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ শুরু হয়ে গেছে।”
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “অসময়ের টর্নেডোতে শান্তিগঞ্জ উপজেলার বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত করে দিয়েছে। তাদের পুনর্বাসনে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।“
