জমি লিখে না দেওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তাড়াল ‘সন্তান’
“আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর একটি মামলা করি। এখন আমি সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও ছেলের সঙ্গে শ্বশুরবাড়ি থাকি।”
নারায়ণগঞ্জের এক বৃদ্ধ তার প্রথম পক্ষের সন্তানদের বিরুদ্ধে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা এবং একই এলাকার পোশাক ব্যবসায়ী হাজী সাইজউদ্দিন।
৮৫ বছর বয়সী সাইজউদ্দিনের অভিযোগ, তার দ্বিতীয় স্ত্রী ও সেই ঘরের এক সন্তানকে ‘বঞ্চিত করে’ সব সম্পত্তি প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানদের নামে লিখে না দেওয়ায় তাকে কাঞ্চন এলাকার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি এখন সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে থাকেন।
নারায়ণগঞ্জ শহরের ‘প্রভাবশালী’ একটি মহল প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের পক্ষ নিয়ে ‘হুমকি’ দিচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাইজউদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দ্বিতীয় স্ত্রী গুলনাহার বেগম। তিনি বলেন, তার স্বামী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যায় ভুগছেন। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম ঘরে তার ছয় মেয়ে ও তিন ছেলে এবং দ্বিতীয় ঘরে এক ছেলে রয়েছে।
বার্ধক্যজনিত কারণে তার স্বামী নিজের মালিকানাধীন টেক্সটাইল মিলটির দায়িত্ব প্রথম স্ত্রীর সন্তানদের দিয়েছিলেন। কিন্তু ব্যবসায় ক্রমাগত লোকসানের কারণে পরে নিজেই ব্যবসা পরিচালনার দায়িত্ব নেন। এরপর জমি লিখে দিতে প্রথম ঘরের সন্তানরা চাপ দিতে থাকে।
জমি লিখে না দেওয়ায় তারা সাইজউদ্দিনকে দ্বিতীয় স্ত্রী ও ছেলেসহ বাড়ি থেকে মারধর করে বের করে দিয়ে কারখানার যন্ত্রপাতি বিক্রি করে দেয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ শেষে সাইজউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর একটি মামলা করি। আমি সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও ছেলের সঙ্গে শ্বশুরবাড়ি থাকি। কিন্তু সেখানেও আমার প্রথম ঘরের সন্তানদের হয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির জেলা কমিটির আহ্বায়ক রিপন ভাওয়াল ও স্থানীয় সন্ত্রাসী তৈমুর হুমকি দিচ্ছে।
“আমার জমিজমার বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু আমার ছেলে-মেয়েদের মারমুখি আচরণের কারণে আমি প্রাণ ভয়ে আছি। তাই প্রশাসনের কাছে আমি নিরাপত্তা দাবি করছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাপা নেতা রিপন ভাওয়াল হাজী সাইজউদ্দিন নামের কাউকে চেনন না বলে দাবি করেন।
তিনি বলেন, “আমি ওনাদের চিনিই না। তাদের পারিবারিক ব্যাপারে কোনোভাবে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।”
