ঝিনাইদহে প্রতিমা ভাঙচুর ‘সাবেক ছাত্রলীগ নেতার’ পরিকল্পনায়
ঝিনাইদহের পুলিশ সুপার জানান, এক আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ঝিনাইদহের শৈলকুপায় ডাউটিয়া গ্রামের শত বছরের পুরনো কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সেই জবানবন্দির বরাতে পুলিশ বলেছে, দিনার বিশ্বাস নামে এক যুবকের ‘পরিকল্পনা ও প্ররোচনায়’ গত ৬ অক্টোবর গভীর রাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়।
দিনার বিশ্বাস শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাবা মতিয়ার রহমান শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ধলধরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান।
জেলার পুলিশ সুপার মো. আশিকুর রহমান রোববার নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “অনৈতিক কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দিনার পুলিশকে শায়েস্তা করার জন্য প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা করেন।”
তিনি বলেন, ওই ঘটনায় আসাদুজ্জামান হিরো, তুষার ও সাজ্জাদ নামে তিনজনকে তারা গ্রেপ্তার করেছেন। তাদের মধ্যে হিরো শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দিনারের বাবা মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, তার ছেলে এ ধরনের কাজে ‘জড়িত নয়’, তাকে ‘ফাঁসানো হয়েছে’।
৬ অক্টোবর রাতে ডাউটিয়া গ্রামের কালী মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করে একদল লোক। প্রতিমার মাথা ২০০ গজ দূরে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের বাড়ির পাশে ফেলে রাখে তারা।
এ ঘটনায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়। পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মণ্ডল বাদী হয়ে একটি মামলা করেন।
তদন্ত শুরু করে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ১২ অক্টোবর উপজেলার কুশোবাড়ীয়া গ্রাম থেকে আসাদুজ্জামান হিরোকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই গ্রামের তুষার ও সাজ্জাদকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “দিনার বিশ্বাস ও জিনারুল লাঙ্গলবাঁধ বাজারের পাশে গড়াই নদীতে দুটি বড় নৌকায় জুয়া, নারীদের দিয়ে অশ্লীল নাচগান ও অনৈতিক কাজ চালাতেন। এতে ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ীর লোকজন আসতেন। এখান থেকে তারা প্রতি সপ্তাহে সাত থেকে আট লাখ টাকা আয় করতেন।
“বিষয়টি জানতে পেরে পুলিশ, ৬ অক্টোবর সেখানে অভিযান চালায়। সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, সাউন্ড বক্স ও রান্না করা প্রায় ২০০ প্যাকেট খাবার উদ্ধার করা হয় এবং নৌকা দুটি জব্দ করা হয়। এতে আয়োজকদের আর্থিক ক্ষতি হয়।”
আশিকুর রহমান দাবি করেন, এর ‘প্রতিশোধ’ হিসেবে পুলিশকে ‘শায়েস্তা করতে’ দিনার প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা করেন।
“তার অংশ হিসেবে সেদিন রাত ১১টায় হিরো, সাজ্জাদ ও তুষারকে বাড়িতে ডাকেন। পরে তার প্ররোচনায় রাত দেড়টার দিকে ওই মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।”
অভিযোগের বিষয়ে দিনার বিশ্বাসের বক্তব্য জানতে তাকে ফোন করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
আর পড়ুন:
