Published : 31 Oct 2023, 10:21 PM
রাজশাহীতে চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে চিকিৎসক ছাড়াও রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাও অংশ নেন।
রাজশাহী মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি সিদ্দীকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নওশার আলী।
সাধারণ সম্পাদক বলেন, “শান্তির নগরী রাজশাহীতে এই হত্যার ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা যারা ডাক্তার আছি চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছি। আমরা আমাদের স্বাভাবিক চিকিৎসা সেবায় মনোনিবেশ করতে পারছি না।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী এখনও কাজেমের খুনিদের শনাক্ত করতে পারেনি। আমরা চাই ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। এ সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
রোববার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে দুই চিকিৎসক খুনের ঘটনা ঘটে। দুজনকেই কুপিয়ে হত্যা করা হয়।
নিহতরা হলেন- রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ এবং নগরীর চন্দ্রিমা থানার কচুয়াতৈল এলাকার গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলাল।
ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি কাজেম আলীকে বাসায় ফেরার পথে বর্ণালীর মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে হত্যা করা হয়।
আর কৃষ্টগঞ্জ বাজারের গ্রাম্য চিকিৎসক এরশাদ আলীকে নিজের ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়ার পর তার লাশ পাওয়া যায়।