২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের জন্য জামালপুরে আবার অবরোধ-বিক্ষোভ কৃষকদের

রোববারও সারের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা

সারের জন্য জামালপুরে আবার অবরোধ-বিক্ষোভ কৃষকদের

জামালপুর সদরে কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করেছেন

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 07:19 PM

Updated : 05 Sep 2022, 07:19 PM

জামালপুর সদর উপজেলায় ইউরিয়া সার না পেয়ে আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

সোমবার সকালে উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজারে এ ঘটনা ঘটে বলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান জানান।

রোপা আমন মৌসুমে মাইকিং শুনে রোববারও ইউরিয়া সারের জন্য কৃষকরা সদর উপজেলার শরিফপুর বাজারে জড়ো হয়েছিলেন। কিন্তু একপর্যায়ে ডিলার সার না দিয়েই গুদাম বন্ধ করে পালিয়ে যান। এ সময় কৃষকরা সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন কৃষকরা।

Image

জামালপুর সদরে কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করেছেন

সোমবারও সার নেওয়ার জন্য সকাল থেকে নান্দিনা বাজারের ডিলার হায়দার আলীর গুদামের সামনে উপস্থিত হন কয়েকশ কৃষক। উপস্থিত কয়েকজন কৃষকের মাঝে প্রতিবস্তা সার এক হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেন ডিলার। এরপর সার না পেয়ে হট্টগোল শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা।

এ সময় সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে সদরের ইউএনও লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানা পুলিশ সার দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক থেকে সরে যান।

রানাগাছার কৃষক সুজন মিয়া, লোকমান হোসেন ও ফজলুল হকসহ কয়েকজন কৃষকের অভিযোগ, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ করে চলে যায়। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরেও সার দিচ্ছিল না। সময়মতো আমনের খেতে সার না দিতে পারলে তাদের অনেক ক্ষতি হবে।

Image

জামালপুর সদরে কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করেছেন

রানাগাছা ইউনিয়নের বিসিআইসির সার ডিলার হায়দার আলী সাংবাদিকদের বলেন, “সারের কোনো সমস্যা নাই। কৃষকরা সার পাবেন না- এমন মনে করে হট্টগোল শুরু করেন। পরে দোকান বন্ধ করতে বাধ্য হন।”

তিনি আরও বলেন, সার পেয়েছেন ১৪০ বস্তা আর কৃষক উপস্থিত ছিলেন প্রায় হাজারের বেশি। কৃষকরা সমস্যা করেছিল, পরে প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিকভাবেই সার বিতরণ করা হয়।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা সাংবাদিকদের জানান, সারের কোনো ধরনের সমস্যা নেই। সারের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিছু কৃষক অহেতুক ভয় পেয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছেন। চলতি মৌসুমে জামালপুরে এক লাখ নয় হাজার ৭০০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

“এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ অর্জিত হয়েছে। আট হাজার ৭৬০ মেট্রিক টন সারের চাহিদার বিপরীতে কৃষি বিভাগ এখন পর্যন্ত পেয়েছে চার হাজার ৩৬৫ মেট্রিক টন। অতিরিক্ত সারের বরাদ্ধের জন্য চাহিদাপত্র পাঠিয়েছে কৃষি বিভাগ। ডিলাররা যাতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ করে তার জন্য কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

Image

জামালপুর সদরে কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করেছেন

জামালপুর সদরের ইউএনও লিটুস লরেন্স চিরান বলেন, “ডিলারদের কাছে যে পরিমাণ সার বরাদ্ধ দেওয়া হয়েছিল তার চেয়ে কৃষকদের সমাগম বেশি হওয়ায় তিনি দোকান বন্ধ করে দেন। পরবর্তীতে আমরা গিয়ে কৃষকদের সারিবদ্ধভাবে সার বিতরণের ব্যবস্থা করে দিয়েছি।”

সার পর্যাপ্ত মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।