২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রার্থীর ভোটে ৮ ভোটার, নিরাপত্তায় অর্ধশতাধিক পুলিশ

দুই নেতার অনুসারীদের মহড়ার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

দুই প্রার্থীর ভোটে ৮ ভোটার, নিরাপত্তায় অর্ধশতাধিক পুলিশ

ওসি জানান, দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় নির্বাচনে বিপুল পুলিশ মোতায়েন ছিল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 11:00 PM

Updated : 31 Dec 2022, 11:00 PM

বরিশাল সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল আট। 

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওই নির্বাচনে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে একজন সহকারী পুলিশ কমিশনার এবং ওসির নেতৃত্বে মোতায়েন ছিল অর্ধশতাধিক পুলিশ সদস্য। 

শনিবার সকালে আলোচিত এ ভোট হয়েছে চন্দ্রমোহন ইউনিয়নের আরএম মাধ্যমিক বিদ্যালয়ে। 

মাত্র ৩০ মিনিটের মধ্যে ভোট নেওয়া শেষ হয় বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। 

বরিশাল সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ডিএম মকবুল। ভোটার ছিলেন পাঁচজন অভিভাবক এবং তিনজন শিক্ষক প্রতিনিধি। 

প্রিজাইডিং কর্মকর্তা আরও জানান, ৩০ মিনিটের মধ্যে ভোট সম্পন্ন হয়েছে। দুই প্রার্থীর উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে ছয় ভোট পেয়ে এমডি মকবুল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। 

উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু পেয়েছেন দুই ভোট। 

মহানগরের বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান, সহকারী পুলিশ কমিশনার মো. মেহেদি ও তার তত্ত্বাবধানে অর্ধশতাধিক পুলিশ নিরাপত্তায় ছিলেন। 

স্থানীয়রা জানান, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক হাওলাদারও সভাপতি পদপ্রার্থী ছিলেন। 

তাকে সরিয়ে সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমের অনুসারী মাহবুবুর রহমান মধু প্রার্থী হন। 

তখন এলাকাবাসী ডিএম মকবুলকে প্রার্থী করে। তাকে সমর্থন দেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

দুই নেতার অনুসারীদের মহড়ার কারণে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে নির্বাচনে বিপুল পুলিশ মোতায়েন ছিল।