২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর বেলাবতে এসএসসির ফলাফল বিপর্যয়, এক স্কুলে তালা

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত পাঠদান না করায় এবং পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ফলাফল বিপর্যয়।

নরসিংদীর বেলাবতে এসএসসির ফলাফল বিপর্যয়, এক স্কুলে তালা

এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণে নরসিংদীর একটি স্কুলে তালা ঝুলিয়ে দেয় স্থানীয়রা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 12:50 AM

Updated : 31 Jul 2023, 01:16 AM

এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে নরসিংদীর বেলাব উপজেলার একটি স্কুলে তালা লাগিয়ে দিয়েছেন স্থানীয়রা; এসময় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ ধনু মাস্টার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত পাঠদান না করায় এবং পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ফলাফল বিপর্যয়।

স্কুলটি থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১১২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭৫ জনই অকৃতকার্য হয়েছে। যার মধ্যে শুধু মানবিক বিভাগের শিক্ষার্থী ৭৩ জন। এমন ফলাফলের জন্য প্রধান শিক্ষক আবু হানিফকে দায়ী করছেন এলাকার মানুষ।

তারা বলছেন, আবু হানিফ দীর্ঘ দুই যুগ প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ দীর্ঘসময়ে তিনি বিদ্যালয়ে সৃষ্টি করেছেন একক আধিপত্য। তার এই আধিপত্যের প্রভাব পড়ে পাঠদানে। যার কারণে এত বেশি শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে কথা বলতে আবু হানিফের মোবাইল টেলিফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি কথা না বলে ফোন বন্ধ করে দেন। অন্য শিক্ষকদেরও ফোন বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

স্কুলটির পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম শফু বলেন, “স্কুলের প্রধান শিক্ষক তার মনগড়া মতো স্কুল পরিচালনা করেন। স্কুলের রেজাল্ট খারাপ হবার জন্য তিনিই দায়ী। তাছাড়া অন্য শিক্ষকরাও সময় মতো বিদ্যালয়ে আসেন না। আমরা এই প্রধান শিক্ষকের অপসারণ চাই।”

শিক্ষকদের অবহেলাকেই ফলাফল বিপর্যয়ের জন্য দুষলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজা হক। তিনি জানান, সোমবার স্কুলে গিয়ে এ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন। 

অন্যদিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ২০৪ জন পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে অকৃতকার্য হয়েছে ৮৪ জন। এদের মধ্যে ৬৫ জন শিক্ষার্থী মানবিক বিভাগের।

এ বিদ্যালয়টিতেও দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির মধ্যে দ্বন্দ্ব চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুধু এই দুই বিদ্যালয়েই নয়, বেলাব উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২৯টিতে ফলাফল বিপর্যয় দেখা গেছে। এসব স্কুলের দুই হাজার ৭২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ৬০৯ জন। যেখানে মানবিক বিভাগেরই ৫২৯ জন।

মানবিক বিভাগে এত বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ খুঁজতে গিয়ে কথা হয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের দায়সারা পাঠদান, শিক্ষক ও ম্যানেজিং কমিটির দ্বন্দ্ব, ক্লাসে কম পড়িয়ে কোচিংয়ে বেশি পড়ানোর প্রবণতাসহ বিভিন্ন কারণে এ বছর এসএসসি পরীক্ষায় এ বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান মনে করেন, শিক্ষার্থীদের মোবাইল টেলিফোনে আসক্তি ও লেখাপড়া না করাই এই বিপর্যয়ের কারণ। তবে কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির দ্বন্দ্বও দায়ী বলে মন্তব্য করেন তিনি।