২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার করে দণ্ড পেল ২১ জেলে

দণ্ডিত জেলেদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 01:00 PM

Updated : 15 Oct 2022, 01:05 PM

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বরিশালের হিজলা উপজেলার ২১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের হাকিম হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার এ সাজা দেন।

সাজা পরোয়ানায় শনিবার সকালে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে হিজলা নৌ-পুলিশ ইউনিটের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিকাশ বলেন, শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত মেঘনা ও এর শাখা নদীতে অভিযান চালিয়ে মোট ২৫ জেলেকে আটক করা হয়। তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলো।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার ২১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়। আর হিজলা নৌ পুলিশ ইউনিটের এসআই মো. নুরুল আমিন তিনজনের বিরুদ্ধে হিজলা থানায় মৎস্য আইনের ৫(২) (খ) ধারায় পৃথক দুইটি মামলা করেছেন।

আর অপ্রাপ্ত বয়স্ক এক জেলেকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে বলে জানান এ নৌ পুলিশ কর্মকর্তা।