২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে ধানের ক্ষেতে পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’

পোকা শনাক্ত করে কৃষকদের বালাইনাশকের ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:53 PM

Updated : 29 Sep 2026, 05:53 PM

লালমনিরহাট সদর উপজেলার আমন ধানের ক্ষেতে ক্ষতিকর ও উপকারী পোকা শনাক্ত করতে ‘আলোক ফাঁদ’ ব্যবহার করা হচ্ছে।

উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ব্লকে প্রতি সপ্তাহে আলোক ফাঁদ বসানো হচ্ছে বলে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোয়াহেল আহমেদ।

কৃষি বিভাগ জানায়, ধান ক্ষেতের পাশে একটি বাতি জ্বালিয়ে তার নিচে সাবান বা কেরোসিন মেশানো পানির পাত্র রেখে এই ফাঁদ তৈরি করা হয়। আলোর দিকে আকৃষ্ট হয়ে বিভিন্ন পোকা ওই পানিতে পড়ে।

পরে এসব পোকা দেখে ক্ষেতে কী ধরনের পোকা রয়েছে, তা শনাক্ত করা হয়।

খন্দকার সোয়াহেল আহমেদ বলেন, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষেতে পোকা শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রোস্তম আলী বলেন, অনেক সময় কৃষকেরা পোকার ধরন না জেনেই জমিতে বেশি বালাইনাশক ব্যবহার করেন। এতে খরচ বাড়ে এবং উপকারী পোকাও মারা যায়। আলোক ফাঁদের মাধ্যমে পোকা শনাক্ত করে বালাইনাশক ব্যবহার করলে কৃষক ও পরিবেশ- দুইই উপকৃত হবে।

কৃষি বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে সদর উপজেলায় হাইব্রিড ও উফশীসহ বিভিন্ন জাতের আমন ধান ১৫ হাজার ৮০৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।