ভূমি কমিশনের সভা স্থগিতের পর রাঙামাটিতে হরতালও স্থগিত
ভূমি কমিশনের সভা বাতিল ও সাত দফা দাবিতে মঙ্গলবার সকালে হরতাল শুরু হয়েছিলো।
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিতের ঘোষণার পর রাঙামাটিতে নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টার হরতালও স্থগিত করা হয়েছে।
ভূমি কমিশনের সভা বাতিল ও সাত দফা দাবিতে মঙ্গলবার সকালে শুরু হওয়া হরতাল নয় ঘণ্টা চলার পর বিকাল ৩টা থেকে তা স্থগিত করেছে বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
এর আগে দুপুরে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিবের জারি করা এক চিঠিতে রাঙামাটিতে বুধবার অনুষ্ঠিতব্য সভা স্থগিত করা হয়।
বিষয়টি জানার পর এক জরুরি সভা শেষে বনরূপায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে হরতাল স্থগিত করার ঘোষণা দেন নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
তিনি বলেন, “যেহেতু সভা স্থগিত করা হয়েছে, তাই জনগণের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আমরা হরতাল স্থগিত করলাম। পরে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করব।”
ভূমি কমিশনকে ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে’ কাজ করার অনুরোধ জানান তিনি।
সাত দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে মুজিব বলেন, কমিশন যদি ‘লুকোচুরি’ করে কোথাও সভা করে সেটি আন্দোলনের মাধ্যমে ‘প্রতিহত’ করা হবে।
এর আগে হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল ৬টা থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করে। হরতালের কারণে শহরে সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ ছিলো।
হরতালের সমর্থনে নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশকে একাধিক জায়গায় বাধা প্রদান করতে দেখা গেছে। তবে কোথাও কোনো সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
আরও পড়ুন:
