টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের প্রাণ গেছে।
শুক্রবার দুপুরে টঙ্গী রেলওয়ে স্টেশনের অদূরে আরিচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূর মোহাম্মদ জানান।
নিহতের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
এসআই বলেন, দুপুর পৌনে ২টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ওই যুবক ধাক্কা খায়। এতে তার মাথা, বাম চোখ ও চোখের নিচে ও নাকে গুরুতরভাবে জখম হয়।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।“
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান নূর মোহাম্মদ।
