সাতক্ষীরায় মোটরসাইকেল চালককে আধা কিলো টেনেহিঁচড়ে নিলো বাস
পুলিশ বাসটির চালককে আটক করতে সক্ষম হয়েছে। বাসটিও পুলিশের হেফাজতে রয়েছে।
সাতক্ষীরায় এক মোটরসাইকেল চালককে চাপা দিয়ে অর্ধ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গেছে দ্রুতগতির একটি বাস। এতে মারা গেছেন সেই চালক, আহত হয়েছেন আরো একজন।
বুধবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরার নারকেলতলা মোড়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নারায়ণ চন্দ্র সরকার।
নিহত পলাশ বিশ্বাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের কেষ্ট বিশ্বাসের ছেলে। ২৮ বছরের পলাশ একটি ঔষধ কোম্পানির সরবরাহকারী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এএসআই নারায়ণ জানান, “ডলফিন পরিবহনের একটি বাস বুধবার রাত আড়াইটার দিকে বরিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশে যাচ্ছিলো। পথে সাতক্ষীরার নারকেলতলা মোড়ে পৌঁছালে পাশের রাস্তা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠে আসে।
“এ সময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে যায়। তখন বাসটি একটি ভ্যানকে চাপা দিলে সেটিও দুমড়ে মুচড়ে যায়।”
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশের সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল ইসলাম খান বলেন, “পুলিশ বাসটির চালককে আটক করতে সক্ষম হয়েছে। বাসটিও পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
