২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে তিন প্রশাসনিক পদে রদবদল

নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রথম প্রভোস্ট হলেন গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রানী নাগ।

শাবিতে তিন প্রশাসনিক পদে রদবদল

মো. কামরুজ্জামান চৌধুরী [বাম থেকে প্রথম], চন্দ্রানী নাগ ও মো. আনোয়ার হোসেন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 11:00 PM

Updated : 08 Feb 2023, 11:00 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে। 

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়। 

এর মধ্যে পরিবহন প্রশাসককে প্রক্টর পদে, নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নতুন একজন প্রভোস্ট এবং পরিবহন প্রশাসক হিসেবে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়।   

নতুন প্রক্টর হিসেবে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (এফইএস) অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী, নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রথম প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রানী নাগ এবং নতুন পরিবহন প্রশাসক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন নিয়োগ পান।   

প্রক্টর নিয়োগের অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে এফইএস বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরীকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। 

অধ্যাপক কামরুজ্জামান আগে পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অফিস  আদেশ পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছে। এটা খুবই চ্যালেঞ্জিং পজিশন। বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতায় আশা করি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারব।” 

প্রক্টর পদ থেকে অব্যাহতি পাওয়া ইশরাত ইবনে ইসমাইল এক বছর দায়িত্ব পালন করেছেন। 

বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল নামে একটি নতুন ছাত্রীহল নির্মাণাধীন রয়েছে। বুধবার অফিস আদেশের মাধ্যমে এই হলে ‘প্রথম প্রভোস্ট’ হিসেবে গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রানী নাগ নিয়োগ পান। 

পরিবহন প্রশাসক পদেও রদবদল করা হয়েছে। 

এই পদের অফিস আদেশে বলা হয়, এফইএস বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামানের চৌধুরীকে অব্যাহতি দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনটি নিয়োগ আদেশের  মধ্যে ‘কোন পদে কত বছরের’ জন্য নিয়োগ প্রদান করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। 

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়। 

এছাড়া নিয়াগপ্রাপ্তরা দায়িত্ব পালনের জন্য বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বলেও আদেশে বলা হয়।