কুমিল্লায় সড়কে প্রাণ গেল কলেজছাত্রীসহ ৩ জনের
চৌদ্দগ্রাম ও চান্দিনায় বৃহস্পতিবার বিকালে এ দুই দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম ও চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন; যাদের মধ্যে এক কলেজ ছাত্রী ও এক শিশু রয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
চৌদ্দগ্রামে নিহতরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে কুমিল্লা অজিত গুহ কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্রী ফাতেমা আক্তার ওরফে রেবা (২৪) এবং চান্দিনা উপজেলার সুজন মিয়ার মেয়ে মিম আক্তার।
মিমের বাবা চৌদ্দগ্রামের ছুপুয়ার আমির শার্টস নামক গার্মেন্টেসে কাজ করেন বলে স্থানীয়রা জানান।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিজলী সুপার সার্ভিস নামে একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনায় ঘটে।
স্থানীয় বাসিন্দা জাকির মাহমুদ জানান, কুমিল্লা অজিত গুহ কলেজ থেকে কাজ শেষ করে বাসে বাড়ি ফিরছিলেন ফাতেমা আক্তার রেবা। মিয়াবাজার নেমে সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটি নোয়াবাজারের উদ্দেশ্যে ছাড়ে।
“পথে কুমিল্লা থেকে চৌদ্দগ্রামের কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা লেগে শিশু মিম, রেবাসহ তিন যাত্রী আহত হন।”
জাকির জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষণা করেন।
আহত মিম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৮টার দিকে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ।
এদিকে, মহাসড়কের মাধাইয়া এলাকায় বাসের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী মো. বায়েজিদ ইসলাম (৩৫)।
তিনি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের রফিকুল ইসলামের ছোট ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই আবদুল হাকিম জানান, বায়েজীদ মোটরসাইকেলযোগে কুমিল্লা যাওয়ার পথে মাধাইয়ায় সড়ক পারাপারের সময় পেছনে থেকে একটি বাস তাকে চাপা দেয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
