কুড়িগ্রামে নদীর তীর সুরক্ষার পাশাপাশি বাঁধ নির্মাণ ও খনন
বামনী খালের শেষ মাথায় অনন্তপুর এলাকায় ছয় ভেন্টের একটি রেগুলেটর নির্মাণের জন্য দ্রুত জমি অধিগ্রহণ করা হবে বলে জানান সচিব।
কুড়িগ্রামে নদ-নদীর ভাঙন রোধে চারটি প্রকল্পের মাধ্যমে ৫৭ কিলোমিটারজুড়ে তীর সুরক্ষার কাজ চলছে। প্রয়োজন অনুযায়ী বাঁধ নির্মাণ ও নদী খনন করা হচ্ছে।
শনিবার দুপুরে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্রের ডানতীর ও বামতীর প্রকল্প এলাকা পরিদর্শনের সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এসব কথা বলেন।
তিনি বলেছেন, নদ-নদীর তীর সুরক্ষায় সরকার কুড়িগ্রাম জেলায় চারটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে; যা অন্য কোনো জেলায় নেই। এই তীর রক্ষা ছাড়াও নদীতে বাঁধ নির্মাণ ও ড্রেজিং করা হচ্ছে।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নাজমুল আরও বলেন, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বামনী খালের শেষ মাথায় অনন্তপুর এলাকায় ছয় ভেন্টের একটি রেগুলেটর নির্মাণের জন্য দ্রুত জমি অধিগ্রহণ করা হবে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান, রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এর আগে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের ভাঙন রোধে তীর সুরক্ষা প্রকল্প এলাকা পরিদর্শন করেন সচিব নাজমুল আহসান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
