২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারী ও ভোমরা স্থলবন্দরে ৫ দিনের ছুটি, চালু থাকবে ইমিগ্রেশন

আগামী ২ জুলাই থেকে ফের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা শুরু হবে।

বুড়িমারী ও ভোমরা স্থলবন্দরে ৫ দিনের ছুটি, চালু থাকবে ইমিগ্রেশন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

লালমনিরহাট প্রতিনিধি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 10:46 AM

Updated : 27 Jun 2023, 11:09 AM

কোরবানির ঈদ উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার থেকে শনিবার (১ জুলাই) পযর্ন্ত এই ছুটিতে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে চালু থাকবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি সায়েদুজ্জামান সায়েদ জানান, উভয় দেশের আমদানি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করে স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ দিন ছুটি শেষে আগামী রোববার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তবে ঈদের ছুটি চলাকালীন সময়ে ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না বলেও জানান ‍তিনি।

বুড়িমারী ইমিগ্রেশনের পুলিশ অফিসার মুর হাসান কবির জানান, “ছুটিতে আমদানি-রপ্তানি কাযর্ক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। “

এদিকে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, “পবিত্র ঈদুল আযহার কারণে ২৭ জুন, মঙ্গলবার থেকে পহেলা জুলাই, শনিবার পর্যন্ত পাঁচদিনের ছুটিতে থাকছে ভোমরা স্থল বন্দর।

“ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থলবন্দরে কোনো আমদানি ও রপ্তানি হবে না। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসবে না কোনো পণ্য। ২ জুলাই থেকে ফের স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা শুরু হবে।”

তবে দুই পারের ইমিগ্রেশন খোলা থাকবে, তাই পণ্য আমদানি-রপ্তানি না হলেও পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান।