১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় একজনের যাবজ্জীবন

যৌতুকের বাকি পরিশোধ করতে না পারায় ২০০৮ সালে মাসুদ তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন।

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় একজনের যাবজ্জীবন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2024, 07:00 PM

Updated : 08 Feb 2024, 07:00 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১৫ বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী মুক্তার হোসেন জানান।

দণ্ডিত মো. মাসুদ (৪১) উপজেলার আড়ংগাইল গ্রামের বাসিন্দা।  

যাবজ্জীবন পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের মার্চ মাসে মাসুদ উপজেলার শোলাপাড়া গ্রামের মোকসেদ আলী খানের মেয়ে মুক্তি খাতুনকে (১৯) বিয়ে করেন।

বিয়েতে ৩০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও মুক্তির পরিবার বিয়ের সময় ১৩ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ১৭ হাজার টাকার জন্য দুই মাসের সময় নেন।

নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে না পারায় মাসুদ তার স্ত্রীকে নির্যাতন করত। 

এ অবস্থায় ২০০৮ সালের ২৭ অগাস্ট তিনি মুক্তিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের বাবা মোকসেদ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।