‘ছাত্রলীগ’ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন বাবা
বরগুনার আমতলীতে এ বিষয়ে নোটারি পাবলিকের মাধ্যমে একটি হলফনামা সম্পাদন করেছেন তিনি।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনার আমতলী উপজেলায় নিজ ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছেন এক বাবা। এ বিষয়ে নোটারি পাবলিকের মাধ্যমে একটি হলফনামাও সম্পাদন করেছেন তিনি।
বুধবার উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস মৃধা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ হলফনামা করেন। তবে হলফনামায় সরাসরি ছাত্রলীগের নাম বলেননি তিনি।
সেখানে ছেলের বিরুদ্ধে রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি পারিবারিক অবাধ্যতার অভিযোগ আনা হয়েছে।
হলফনামার মাধ্যমে ইদ্রিস মৃধা তার ছেলের সঙ্গে সব ধরনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
হলফনামায় ইদ্রিস মৃধা দাবি করেন, তার মেঝ ছেলে রাহাত মৃধাকে রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে নিষেধ করলেও কথা শোনেননি। বরং নিজের ইচ্ছামতো চলাফেরা করেন এবং পারিবারিক ও সামাজিক নিয়মনীতি মানতে চান না।
বিভিন্ন সময় ছেলেকে ভালোভাবে চলার পরামর্শ দিলে বাবার ওপর ক্ষিপ্ত হন বলেও হলফনামায় বলা হয়েছে।
হলফনামায় আরও বলা হয়, ছেলের এমন আচরণে উদ্বিগ্ন হয়ে জীবনের বাকি সময়ের কথা চিন্তা করে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন বাবা। এ সিদ্ধান্তের অংশ হিসেবে ২৫ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ছেলে রাহাত মৃধার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন ইদ্রিস মৃধা।
এ ছাড়া ভবিষ্যতে বাবা-ছেলের সম্পর্কের দাবি কেউ করলে তা অগ্রাহ্য করা হবে বলেও হলফনামায় বলেছেন ইদ্রিস মৃধা। হলফনামার শেষে নিজের স্বাক্ষর দিয়ে ঘোষণাটি নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইদ্রিস মৃধা বলেন, রাজনীতি থেকে দূরে থাকার জন্য পারিবারিকভাবে তার ছেলেকে বহুবার বোঝানো হয়েছে। কিন্তু সে কারো কথাই শোনেনি। ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পুরো পরিবারকে হয়রানির শিকার হতে হচ্ছে।
তাই বাধ্য হয়েই নোটারি পাবলিকের মাধ্যমে ছেলের সঙ্গে সকল প্রকার পারিবারিক সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।
এ বিষয়ে মোবাইল ফোনে ছেলে রাহাত মৃধা বলেন, “আমতলী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাই আমার পরিবার। তাদের নিয়েই বাকি জীবন কাটাতে চাই- ঠিক যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিবার হারিয়ে নেতাকর্মীদের নিয়ে বেঁচে ছিলেন।”
