রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম
হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার নগরের দড়িখরবনা মোড়ে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ থেকে এ সময় বেঁধে দেওয়া হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত সোমবার এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।
সমাবেশে বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আনোয়ার আলী হিমু, জ্যেষ্ঠ সাংবাদিক জাবিদ অপু, দুলাল মাহবুব ও সাইফুর রহমান রকি বক্তব্য দেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, “রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। একে সুযোগ হিসেবে নিয়ে রাজশাহীর ঐহিত্য রেশম শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এ ব্যাংকটিকেও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।”
তিনি বলেন, “বরেন্দ্র অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বরেন্দ্র অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে ‘দুর্নীতির স্বর্গরাজ্যে’ পরিণত করা হয়েছে।”
তাদের সেই দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের ওপর হামলা করা হয় বলে এ সময় মন্তব্য করেন এ সাংবাদিক নেতা।
হামলার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে রফিকুল ইসলাম আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাওসহ বৃহৎ আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।”
গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর হামলা হয়। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
আরও পড়ুন:
